রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ
আশিকুর রহমান ইকবাল ,রূপগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমির হোসেন (৩২) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। রোববার( ৫ এপ্রিল) রাতে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে হামলাকারীরা প্রকাশ্যে ওই যুবকের গলার স্বর্ণের চেইন এবং সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরুনা এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে আমির হোসেন এলাকার মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত মো. সবুজ (৩৫), মো. রাকিব (২৫), মো. মাহবুব (৩০) ও মো. আলমগীরের (৪০) নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল। আমির হোসেন ও এলাকাবাসী এতে বাধা দিলে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন রাত আনুমানিক ৮:১০ মিনিটে আমির হোসেন বরুনা বাজারের মাসদুলের খাবার হোটেলে বসে নাস্তা করছিলেন। এসময় উল্লিখিত আসামিসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হোটেলে প্রবেশ করে। তারা অতর্কিতভাবে আমির হোসেনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ১নং আসামি সবুজ তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং লাঠি দিয়ে পিটিয়ে দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।মারপিটের একপর্যায়ে ১নং আসামি সবুজ আমির হোসেনের গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি ২নং আসামি রাকিব তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।
Array