তথ্য গোপন করে জামিনের চেষ্টার কারনে তিন আইনজীবীকে ১৫ দিন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ
ইশরাত জাহান ইমু :- রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে একই আদেশের বিরুদ্ধে তিনবার জামিন আবেদন করার ঘটনায় তিন আইনজীবীসহ ১১ জনকে শোকজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ আসামি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না বলেও আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। শোকজের জবাব দিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
শোকজ পাওয়া তিন আইনজীবী হলেন অ্যাডভোকেট আন্না খানম, অ্যাডভোকেট এস এম আব্দুল বাতেন সাকিল ও অ্যাডভোকেট রহিম উদ্দিন। বাকি আটজনের মধ্যে পাঁচজন আসামি ও তিনজন মামলার তদবিরকারক।
সহকারী অ্যাটর্নি জেনারেল ইমদাদুল হানিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই আসামির ক্ষেত্রে নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক পৃথক আবেদন করার সুযোগ নেই। কিন্তু এ মামলায় একই আদেশের বিরুদ্ধে তিনজন পৃথক আইনজীবীর মাধ্যমে তিনটি আবেদন করা হয়।
তিনি বলেন, গত রোববার একটি মামলার শুনানির সময় বিষয়টি আদালতের নজরে আসে। পরে তিনটি আবেদন একত্র করে শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করা হয়। গতকাল একসঙ্গে শুনানিতে দেখা যায়, পাঁচ আসামির জামিনের জন্য করা তিনটি আবেদনের বিপরীতে নিম্ন আদালতের আদেশ একই।
একই আদেশের বিরুদ্ধে পৃথকভাবে তিনটি মামলা দায়েরের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আদালত স্বপ্রণোদিত রুল জারি করেন। পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট আইনজীবীদের ১৫ দিন হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ আসামির পক্ষে কোনো আদালতে জামিন আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
Array