রাজৈরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
শরীফুল ইসলাম মাদারীপুর প্রতিনিধি: – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মাদারীপুর জেলার রাজৈরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় রাজৈরের ঐতিহ্যবাহী টেকেরহাট বন্দর এলাকায় ইসলামী ব্যাংক টেকেরহাট শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যাংকের সাধারণ গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি চলাকালে টেকেরহাট বন্দর এলাকায় গ্রাহকদের স্লোগানে মুখর হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা ব্যাংকের বর্তমান সংকট উত্তরণে বেশ কয়েকটি জরুরী দাবী জানান। তাদের প্রধান দাবীর মধ্যে ছিল অবৈধ চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ, সাধারণ মানুষের আমানতের পূর্ণ সুরক্ষা প্রদান, লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের সম্পূর্ণ বয়কট। একই সঙ্গে গ্রাহকদের ওপর হওয়া নির্মম পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রাহক স্বার্থ রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
সচেতন গ্রাহক ফোরামের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোশাররফ হোসেন, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আলী আহমেদ আকন, কাজী নজরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ এবং শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহকদের আস্থা ও বিশ্বাস দীর্ঘদিনের। এই আস্থা ধরে রাখতে এবং ব্যাংকিং খাতের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে যথাযথ ও কঠোর উদ্যোগ নিতে হবে। এ সময় আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
Array