মাদারীপুরে বোমা ফাটিয়ে আসামী ছিনতাই
স্টাফ রিপোর্টার :শরীফুল ইসলাম :- মাদারীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক এক মাদক কারবারীকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। পরে ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ঐ এলাকার একাধিক মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারী পারভেজ বেপারীকে আটক করে ডিবি। পারভেজের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু কওে গোয়েন্দা পুলিশ।
বিষয়টি জানাজানি হলে মাদক কারবারীর সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ান। ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পিছু হটেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পারভেজকে নিয়ে পালিয়ে যান তার সহযোগীরা।
মাদারীপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম বলেন, পারভেজের কয়েক’শ লোকজন জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পালিয়ে যান পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পারভেজকে আসামী করে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারীদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
