পূর্বাচলের সিঙ্গারা ব্যবসার আড়ালে চোলাই মদের কারবার, আটক
আশিকুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দামছি সিংগারার মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পূর্বাচল দামছি সিংগারার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বাচল দামছি এলাকার কফিলউদ্দিনের ছেলে আয়নাল হক এবং হেলাল উদ্দিনের ছেলে মো. সেলিম মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের পূর্বাচল দামছি সিংগারার মোড় এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী দেশীয় চোলাই মদ বিক্রি করছে। পরে রূপগঞ্জ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে এবং আয়নাল হক ও সেলিম মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Array