নারায়ণগঞ্জে পুলিশের হাতে ডিবি আটক
আশিকুর রহমান ইকবাল :- রূপগঞ্জে এক তরুণকে অপহরণের চেষ্টার অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। অভিযুক্তদের মধ্যে তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (১৯ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান, ভুক্তভোগী অমিত হাসান মিরাজ (৩০) চার ডিবি সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে অপহরণ করার চেষ্টার মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর (৪০), সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ (৩৪), কনস্টেবল কবির (৩৩) ও আকাশ আহাম্মেদ (৩০)। তারা সবাই ঢাকা জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত।মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান অমিত হাসান মিরাজ। সেখানে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে অভিযুক্তরা তাকে একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন।অমিত দাবি করেন, গাড়িতে জোর করে তোলার চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের আটক করে এবং গণপিটুনি দেয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিন ডিবি সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন,‘তিনজন পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আছেন। আজ শুক্রবার ভোরে কনস্টেবল আকাশকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ঘটনার সময় অভিযুক্তরা সাদা পোশাকে ছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশও নিশ্চিত করেছে।মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন অমিতের এক আত্মীয়কে একই ব্যক্তিরা অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা আড়াই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। একইভাবে এক মাস আগে জাকির হোসেন নামে আরেক ব্যক্তির কাছ থেকেও মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন,‘অমিতের করা অপহরণ মামলায় গ্রেপ্তার ডিবি পুলিশ সদস্যদের সহযোগী গাড়িচালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো. সেলিম (৪৫) পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’তিনি আরও বলেন,গ্রেপ্তার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Array