উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে উত্তেজনা, অবৈধ কমিটি গঠনের অভিযোগে প্রতিবাদ।
ইনামুল সিকদার :- গোপালগঞ্জের ৩৩ নং উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, গত ১০ জুন ২০২৬ তারিখে বিদ্যালয়ের শিক্ষকদের চাপে রেখে এবং প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ না করে একটি কমিটি ঘোষণা করা হয়।
অভিযোগে বলা হয়, হাইউম মিনা ও রাসুল মিনা ক্যাচমেন্ট এরিয়ার বাইরের কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে উক্ত কমিটি গঠনে ভূমিকা রাখেন। তবে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়াভুক্ত অভিভাবক ও স্থানীয় জনগণ ওই কমিটিকে মেনে নিতে পারেননি বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত তফসিল অনুযায়ী অভিভাবকরা ফরম সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্নভাবে চাপ, হয়রানি ও হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, গত ১৬ জুন রাসুল মিনার ফেসবুক লাইভে শিক্ষকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য ও আচরণ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্তের দাবি জানান।
অভিযোগকারীরা আরও বলেন, হাইউম মিনা অতীতে বিএনপির বহিষ্কৃত নেতা এম.এইচ. খান মঞ্জুর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন পোস্ট রয়েছে। অপরদিকে রাসুল মিনা গোপালগঞ্জ জেলা যুবলীগের সক্রিয় কর্মী বলে দাবি করা হয়। তার সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন রাজনৈতিক পোস্ট দেখা যায় বলে অভিযোগকারীদের বক্তব্য।
এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহল মনে করেন, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ঘটনায় স্থানীয় অভিভাবক, এলাকাবাসী ও বিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
