গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ , কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে।
স্টাফ রিপোর্টার, :ইনামুল শিকদার :-গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের কুশলা,জাংগার ও কাঠালবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে লিটন মণ্ডলের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের অনুমোদন ছাড়াই তিনি বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যার ফলে আশপাশের কৃষিজমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজারের মাধ্যমে নির্বিচারে বালু উত্তোলনের কারণে এলাকার মাটির স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। নদী ও খালের তীরবর্তী ভূমি ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং অনেক কৃষক তাদের আবাদি জমি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তারা অভিযোগ করেন, অবৈধ এই কার্যক্রম বন্ধে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীর মতে, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের ভূমিধস বা ভাঙনের ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী জোরালো প্রতিবাদ জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে এলাকার কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষা করা যায়।
