প্রতিবাদলিপি
প্রতিবাদলিপি
সম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত “রংপুর কারাগারে ছামিউল সাম্রাজ্য” শীর্ষক প্রতিবেদনে আমার সম্পর্কে যেসব অভিযোগ প্রকাশ করা হয়েছে, তার প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত প্রতিবেদনে যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত কোনো তথ্য নয়; বরং একপাক্ষিক ও ভিত্তিহীন অভিযোগকে সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
বাস্তবতা হলো, আমাকে প্রশাসনিক প্রয়োজনে বদলি করা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ প্রচার করা হচ্ছে, সেই সময় আমি রংপুর কেন্দ্রীয় কারাগারের উৎপাদন বিভাগে দায়িত্ব পালন করছিলাম। বহিরাগত ব্যক্তিদের মাধ্যমে মোবাইল ফোন প্রবেশের ঘটনায় আমার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে থাকা সিসিটিভি ফুটেজেও আমার বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতা প্রতীয়মান হয় না।
বরং প্রকৃত ঘটনা তুলে ধরতে ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানোয় আমি বিভিন্ন মহলের বিরূপ মনোভাবের শিকার হয়েছি। দুঃখজনকভাবে, কিছু সংবাদমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই একই ধরনের প্রতিবেদন বারবার প্রকাশ করছে, যা ন্যায়সঙ্গত সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আমি সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিয়ে চূড়ান্ত তদন্তের ফলাফলের আগে বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করুন।
বিনীত,
মোঃ ছামিউল ইসলাম
প্রধান কারারক্ষী (বদলিকৃত)
