ঢাকা জেলা ডিবি দক্ষিণ ১০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুরিয়া কথিত হেরোইনসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার ঝিলমিল হাসপাতালের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবি (দক্ষিণ)-এর একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুইজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১০০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. জাহিদুল ইসলাম (৩৫), পিতা: মৃত নুরু মিয়া, মাতা: মৃত নারগিছ, গ্রাম: দক্ষিণ মালিভিটা, থানা: দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা: ঢাকা।
এছাড়া মো. একরামুল হক (২৫), পিতা: মো. নওয়াব আলী, মাতা: মোছা. ছালমা বেগম, গ্রাম: মোকামপাড়া, থানা: দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা: ঢাকা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
