কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ছয় মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা
adminj
21st Sep 2026 6:56 am | অনলাইন সংস্করণ
কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ছয় মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ভাবী রাবেয়া আক্তার। ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে দেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইমনের মা মোছা. ফিরোজা বেগম এবং তাঁর ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। আহত রাবেয়া আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা নিয়ে তাঁর মা ফিরোজা বেগমের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এরপর ছয় মাস বয়সী ভাতিজি ইসরাত জাহানকে আছাড় দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। শিশুটিকে রক্ষা করতে এগিয়ে গেলে ভাবী রাবেয়া আক্তারের ওপরও হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রাবেয়া আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সঙ্গে ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
ইমনের বড় ভাই মো. সুজন জানান, ২০১৮ সালে পা ভাঙার পর থেকে ইমন বাড়িতেই থাকতেন। তাঁর পায়ে দুইবার অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে তাঁর মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দিয়েছিল বলে দাবি করেন তিনি।
সুজন বলেন, সোমবার সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে খবর পান, তাঁর মা ও মেয়েকে হত্যা করা হয়েছে এবং তাঁর স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কোনো বিরোধ, হঠাৎ উত্তেজনা নাকি অন্য কোনো কারণ—তা খতিয়ে দেখছে পুলিশ।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইমনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Array
