তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা পঞ্চায়েত ও যুবসমাজের দৃঢ় অবস্থানে মাদকবিরোধী অভিযানে হাতেনাতে তিন মাদক কারবারি আটকের পর সতর্ক ও লিখিত মুচলেকা
নিজস্ব প্রতিবেদক :- ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার কেন্দ্রীয় নৈশপ্রহরী ও স্থানীয় সচেতন যুবকদের যৌথ উদ্যোগে তুষারধারা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন ব্যক্তিকে আটক করে তুষারধারা যুব ফোরাম কার্যালয়ে আনা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দায়িত্বশীল প্রতিনিধিদের উপস্থিতিতে ঘটনার বিষয়ে সতর্ক করা হয় ও লিখিত মুচলেকা গ্রহণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে এলাকা ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে অথবা ভবিষ্যতে একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন তুষারধারা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস খান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তুষারধারা পঞ্চায়েতের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং তুষারধারা যুব ফোরামের নেতৃবৃন্দসহ এলাকার সচেতন নাগরিকরা।
তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা পঞ্চায়েত ও তুষারধারা যুব ফোরাম মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও আপসহীন। আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি বা অপমান করা নয়; বরং আইন, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা বজায় রেখে তুষারধারাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং মাদকমুক্ত আবাসিক এলাকায় পরিণত করা।
এলাকার সম্মানিত বাসিন্দা, অভিভাবক ও তরুণ সমাজের প্রতি অনুরোধ—মাদকবিরোধী কার্যক্রমে আমাদের পাশে থাকুন এবং সহযোগিতা করুন। আপনার আশপাশে মাদক বিক্রি, সেবন বা কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দায়িত্বশীলভাবে তুষারধারা কল্যাণ সমিতি, তুষারধারা পঞ্চায়েত, তুষারধারা যুব ফোরাম অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে অবহিত করুন।
আসুন, দল-মত ও ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর তুষারধারা গড়ে তুলি। আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও সক্রিয় সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।
তুষারধারা কল্যাণ সমিতি
Array