রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় একটি স্টিল মিলে কাজ করার সময় আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছে
সুমন খাঁন :- রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় একটি স্টিল মিলে কাজ করার সময় আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। গত বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকেরা হলেন মো. হিরা (৩৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. রজব আলী (২৯), মোহাম্মদ মতিউর রহমান (২২), মো. আরশেদ মিয়া (৪৫), মো. লিটন মিয়া (৩২), মো. মানিক মিয়া (৪৫) ও ইউসুফ মিয়া (৪০)।
দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁদের সহকর্মী মো. শহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে কদমতলী থানার শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকার আরএমএম স্টিল মিল কারখানায় লোহা গলানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ আগুনের একটি গোলা ওপরের দিকে উঠে গেলে সেখানে কাজ করা আট শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
