কেন্দ্রীয় কারাগারে নানান অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :- ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে দর্শনার্থীদের সাক্ষাৎ টিকিট বিতরণে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সাক্ষাৎ টিকিট গ্রহণ কাউন্টারে দায়িত্বরত কারারক্ষী মোবারক ও খলিল নামে দুই ব্যক্তি টাকার বিনিময়ে নিয়মিত লাইনে অপেক্ষমাণ দর্শনার্থীদের পাশ কাটিয়ে অন্যদের টিকিট সংগ্রহে সহায়তা করছেন, এছাড়া অন্যান্য অনিয়মের অভিযোগ
সরেজমিনে গিয়ে দেখা যায়, কারাগারের সামনে অবস্থিত ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী বাইরে অপেক্ষমাণ সাক্ষাৎপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে সরাসরি মহিলাদের লাইনে গিয়ে সাক্ষাতের স্লিপ জমা দিয়ে টিকিট সংগ্রহ করে দিচ্ছেন। এতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ দর্শনার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিবেদকের ক্যামেরায় এমন কার্যক্রমের ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে কয়েকজন ভুক্তভোগী জানান, তারা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও সাক্ষাৎ টিকিট পাননি। অথচ কিছু ব্যক্তি টাকার বিনিময়ে সংশ্লিষ্ট কারারক্ষীদের মাধ্যমে লাইনে অপেক্ষা না করেই টিকিট সংগ্রহ করে চলে যাচ্ছেন। এতে সাধারণ মানুষ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। তিনি অভিযুক্তদের নাম এবং প্রতিবেদকের ধারণ করা ভিডিওচিত্র হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারারক্ষী মোবারক ও খলিলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
কারাগারের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ সত্য প্রমাণিত হলে তা সেবা গ্রহণে বৈষম্য সৃষ্টি করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলতে পারে। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপস্থিত দর্শনার্থীরা।
