মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান।
স্টাফ রিপোর্টার নিপা :- সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন বা মধ্যস্থতার অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই, সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
নতুন বিধান অনুযায়ী, সাইবার স্পেস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা মনঃপ্রভাবকারী পদার্থের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ, বিজ্ঞাপন, যোগাযোগ, সহায়তা বা মধ্যস্থতা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ধরনের অপরাধে ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহারও আইনের আওতায় আসবে। অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না; ডিজিটাল তথ্য ও লেনদেনের প্রমাণও বিবেচনায় নেওয়া যাবে।
অপরাধ প্রমাণিত হলে যেকোনো মেয়াদের কারাদণ্ড থেকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অপরাধটি আন্তর্জাতিক বা সংঘবদ্ধ চক্রের অংশ হলে জরিমানা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
এ ছাড়া মাদক-সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডগ স্কোয়াড ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিধানও বিলে রাখা হয়েছে।
Array