ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার মাফিয়া চক্রে বিক্রি, সর্বস্ব হারিয়ে দেশে ফিরলেন যুবক
স্টাফ রিপোর্টার:শরীফুল ইসলাম :- মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদি- বাজিতপুর এলাকার যুবককে ইতালিতে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অবৈধ পথে লিবিয়ায় নিয়ে গিয়ে মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতন, মুক্তিপণের নামে দফায় দফায় মোটা অঙ্কের টাকা আদায়ের পর অবশেষে দেশে ফিরেছেন ভুক্তভোগী মেহেদী শিকদার। তবে ফিরে এসে তিনি ও তার পরিবার হয়েছেন সর্বস্বান্ত।
ভুক্তভোগী মেহেদী শিকদারের অভিযোগ, একই এলাকার হেনা বেগম, ফাতেমা আক্তার রিতা ও রাসেল খান ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে অবৈধভাবে লিবিয়ায় নিয়ে যান। তিনি আরও অভিযোগ করেন, হেনা বেগম তাকে আত্মীয়ের মতো বিশ্বাস অর্জনের জন্য ভাতিজাকে নিজের ছেলে পরিচয়ে নানা আশ্বাস দেন এবং নিরাপদে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দেন।
অভিযোগে বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর থেকেই শুরু হয় অমানবিক নির্যাতন। বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি মুক্তিপণের নামে তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়। একপর্যায়ে তাকে লিবিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয় বলেও দাবি করেন মেহেদী শিকদার।
তিনি জানান, মাফিয়া চক্র আরও বড় অঙ্কের টাকা আদায়ের জন্য তাকে জিম্মি করে পরিবারের ওপর লাগাতার চাপ সৃষ্টি করে। দীর্ঘ দুর্ভোগের পর কোনোভাবে তিনি লিবিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। তবে এই ঘটনায় তার পরিবার আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
এ ঘটনায় হেনা বেগম, ফাতেমা আক্তার রিতা ও রাসেল খানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মানব পাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী মেহেদী শিকদার ও তার পরিবার।
Array