কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও তার কথিত সৎ ভাইকে আটক করেছে পুলিশ
- মোখলেছুর রহমান :- কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও তার কথিত সৎ ভাইকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের আছিয়ার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুন (১২) এবং তার কথিত সৎ ভাই পায়েল (২২)।
নাদিরা বগুড়ার কাহালু থানার বুরুল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে এবং পায়েল বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আব্দুল কাদেরের ছেলে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, তাদের একটি টহলদল ওই এলাকায় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশার এক আরোহী নাদিরা খাতুনের স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা সৎ ভাই পরিচয়ধারী পায়েলকে আটক করা হয়। তবে অটোরিকশায় তাদের সঙ্গে থাকা অন্যরা সুযোগ বুঝে পালিয়ে যায়।
নাদিরা খাতুন জানায়, তার বাবা তাকে বালারহাটে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে আসেন। সেখানে তারা কয়েকদিন অবস্থান করেন। পরে বৃহস্পতিবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
অন্যদিকে পায়েল জানান, তিনি গরুর রাখালের কাজ করেন। লালমনিরহাট সদরের বড়বাড়ী হাটে গরু নিয়ে এসেছিলেন। সময় হাতে থাকায় বালারহাটে এসে বাবা ও বোনের সঙ্গে দেখা করেন এবং পরে একসঙ্গে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার নেপথ্যে কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক এবং সমাজের জন্য হুমকিস্বরূপ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো ব্যক্তি বা মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Array