কেরানীগঞ্জ ডিবি পুলিশের হাতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক :- কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ভাংনা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল হোসেন (৩৭) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কালিন্দী ভাংনা এলাকার ইফতি এন্ড ইসান কমিউনিটি সেন্টারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, এসআই মো. ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবি (দক্ষিণ) এর একটি দল অভিযান চালিয়ে কামাল হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
গ্রেপ্তার কামাল হোসেন বরগুনার আমতলী থানার গোপখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাংনা (কালিন্দী) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Array