রাজৈরে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু
শরীফুল ইসলাম, স্টাফ রিপোর্টার :- মাদারীপুরের রাজৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকায় পানিতে ডুবে জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম তাবাসুম ও তাহামিনা তাদের বয়স ছয় বছর। তারা স্থানীয় বাসিন্দা নাসির শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জমজ দুই বোনের একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপর বোনও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের দুজনেরই মৃত্যু হয়।
জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ
মেয়ের ছোট চাচা জেলান শেখ সাংবাদিকদের জানান
তাবাসসুম ও তাহমিনা দুপুরে বাড়ির সামনে খেলছিল। গোসল করানোর জন্য তাদেরকে ডাকতে যান মা। তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই মেয়েকে ভেসে থাকতে দেখেন তিনি। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলামের ভাষ্য, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
