মহাখালীর দূরপাল্লার বাস এখন নতুন টার্মিনাল ডিপো হচ্ছে রূপগঞ্জ পূর্বাচেল
আশিকুর রহমান ইকবাল :- কোলাহলে মুখরিত নগরী ঢাকা। ব্যস্ততা আর কর্মচাঞ্চল্যে দিন-রাত ব্যস্ত এই শহর। তবে, এই ছুটে চলার পথেই যানজট নিত্যসঙ্গী রাজধানীবাসীর। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে মানুষের ভোগান্তি।নগরীর এই যানজট কমাতে এবার মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস সরিয়ে নেওয়া হয়েছে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে। কিন্তু নতুন এই উদ্যোগের শুরুতেই দেখা দিয়েছে নানা সংকট। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় অসন্তোষ রয়েছে চালক-মালিকদের, সঙ্গে বাড়ছে জ্বালানি খরচও,মহাখালী বাস টার্মিনালের দূরপাল্লার বাস রূপগঞ্জের পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার। গত ১৬ জুলাই গুতিয়াব এলাকায় উদ্বোধন করা হয় নতুন এই ডিপো। রাজউকের প্রায় ৭ একর ১৩ শতক জমিতে চলছে নির্মাণকাজ। তবে, পর্যাপ্ত খাবারের হোটেল, থাকার ব্যবস্থা ও ওয়ার্কশপ না থাকায় ভোগান্তিতে চালকরা।মহাখালী থেকে বাস আনা-নেওয়ায় বাড়ছে জ্বালানি খরচ। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দূরে নিয়ে মেরামত করতে হচ্ছে বাস। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। নির্মাণকাজ চলায় নির্ধারিত জায়গার বাইরে বাস রাখার অভিযোগও রয়েছে।তবে ডিপোটি পুরোপুরি চালু হলে পরিবহন, খাবারের হোটেল ও ওয়ার্কশপসহ বিভিন্ন খাতে কর্মসংস্থান হবে বলে আশা স্থানীয়দের।যদিও ডিপোর কাজ চলমান, তবুও এখানে প্রতিদিন ২৫ থেকে ৩০টি বাস আসছে। পরিবহন শ্রমিকদের থাকা, ওয়াশরুমসহ নামাজের ব্যবস্থাও করা হচ্ছে। আশা করা হচ্ছে, ২০ দিনের মধ্যে এটি পুরোপুরি চালু হয়ে যাবে।তবে, সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমস্যা সমাধান করে ডিপোটিকে পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে কমবে মেগাসিটি ঢাকার যানজট। পাশাপাশি, তৈরি হবে নতুন কর্মসংস্থান।
আশিকুর রহমান ইকবাল, স্টার রিপোর্টার
রূপগঞ্জ থেকে ১৯,৮,২০২৬
