কোনাপাড়ায় ট্রাফিক সার্জেন্টের বুদ্ধিমত্তায় চোরাই প্রাইভেটকার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :– রাজধানীর কোনাপাড়া এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের সময় সার্জেন্টের বুদ্ধিমত্তায় চার বছর আগে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে কোনাপাড়া এলাকায় আউটগোয়িং ডিউটি পালনের সময় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনে দায়িত্বরত সার্জেন্ট নেজাম উদ্দিন। এ সময় বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাইয়ের একপর্যায়ে একটি প্রাইভেটকারের চালকের দেওয়া তথ্যের সঙ্গে কাগজপত্রের তথ্যে গরমিল পাওয়া যায়।
সার্জেন্ট নেজাম উদ্দিন জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিআরটিএ সার্ভারের তথ্য যাচাই করে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। ফোনে ওই ব্যক্তি জানান, প্রায় চার বছর আগে তার কাছ থেকে গাড়িটি চুরি হয়েছিল।
এরপর সঙ্গে থাকা কনস্টেবল ১১৩২৩ তানভীরের সহযোগিতায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয় এবং প্রকৃত মালিককে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার চালকের নাম মো. রাজু। তার পিতার নাম আব্দুল মাজেদ। তিনি ঢাকার বনশ্রী এলাকার এফ ব্লকের ২ নম্বর বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো গ-৩১-৮১৭১। বিআরটিএ সার্ভারের তথ্য অনুযায়ী, গাড়িটির নিবন্ধিত মালিক মিনার হোসেন, পিতা জহির উদ্দিন; ঠিকানা মুসলিমনগর, মাতুয়াইল, ঢাকা।
পরে ডেমরা থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া গাড়ি, গাড়ির কাগজপত্র ও গ্রেপ্তার চালককে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Array