সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন
মোঃ হাফিজ , স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিপিজেএফ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জওহর ইকবাল, জাতীয় প্রেসক্লাবের সদস্য শরিফুল হক পাভেল,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি আহমেদ আবু জাফর, রুরাল জার্নালিস্ট ফোরামের (আরজেএফ) চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম এবং বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু। বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, ধর্ম সম্পাদক এসএম জাহান ইমাম, মানবাধিকার সম্পাদক জাকিয়া হোসেন, সাংবাদিক শারমিন আক্তার, রেখা আক্তার কাজল ও শাখাওয়াত হোসেন সৌরভ প্রমুখ। এ সময় বিপিজেএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা মো. খায়রুল আলম রফিক সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শাকিলের মুক্তির দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
মূল বক্তব্যে মাহাবুব আলম বাবু সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। তাঁরা সাংবাদিক শাকিলের মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁর নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
Array