রাজৈরে ইজিবাইক চালক ও তাঁর খালাতো ভাইকে হাতুড়িপেটা, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার, শরীফুল ইসলাম :- মাদারীপুরের রাজৈরে ইজিবাইক চালক রাকিবুল ইসলাম ও তাঁর খালাতো ভাই আসিক শেখকে হাতুড়ি, লোহার রড, রেঞ্চ ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ সময় তাঁদের দুটি স্মার্টফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
গত ১৭ অক্টোবর রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত পশ্চিম রাজৈর মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রাকিবুলের বোন লাইজু বেগম রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে সোহেল চৌকিদার, সাগর ফকির, সামিম ফকির, ইমন ফকির ও রহিত শেখের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, গ্যারেজে যেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের ওপর হামলা চালানো হয়। তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে চলে যান।
পরে স্থানীয় লোকজন আহত রাকিবুলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে অভিযোগে বলা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ইজিবাইক ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও করেছেন লাইজু বেগম।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Array