জব্দ পলিথিনেই ৫ লাখ ৬৭ হাজার টাকা! মাদারীপুরে ১০ টন বিক্রি নিলামে
স্টাফ রিপোর্টার (মাদারীপুর): শরীফুল ইসলাম – অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে জব্দ করা ১০ টন পলিথিন এবার বিক্রি হলো নিলামে। মাদারীপুরে এসব পলিথিন বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার টাকা। প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের মাধ্যমে পলিথিনগুলো কিনে নিয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউস।
রোববার (১১ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে নিলামে বিক্রি হওয়া পলিথিন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলামের আগে বস্তা থেকে পলিথিন বের করে ওজন করা হয়। পরে সেগুলো কেটে ছোট ছোট টুকরো করা হয়। এরপর ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে পলিথিনগুলো বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, নিলামের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের পর পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর দেওয়া দরপ্রস্তাবের মধ্যে সর্বোচ্চ পাঁচ লাখ ৬৭ হাজার টাকা দর দেয় শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউস। পরে নির্ধারিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে প্রতিষ্ঠানটি পলিথিনগুলো কিনে নেয়।
পরিবেশ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ পলিথিন জব্দ করা হয়েছিল। পরে আদালতের নির্দেশনা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিলামের ব্যবস্থা করা হয়।
তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী বিশেষ প্রযুক্তির মাধ্যমে পলিথিনের টুকরোগুলো প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তর করা হবে। পরে এসব উপাদান নতুন পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে।
Array