বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা, ৩১ মে: জাতিসংঘ ঘোষিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে এক মানববন্ধন ও তামাকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক ও প্রকাশক এবং সাস্ক আধুনিক ক্যাট জার্নালিস্ট ফোরামের চেয়ারম্যান নিয়ামত আলী। এ সময় সংগঠনের সদস্য সচিব মুক্তা মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক বর্তমানে দেশের অন্যতম নীরব ঘাতক। প্রতি বছর তামাকজনিত রোগে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এবং অসংখ্য মানুষ ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা তামাকজাত পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রয় কঠোরভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি ধীরে ধীরে সম্পূর্ণ নিষিদ্ধ করার জোর দাবি জানান। তারা অভিযোগ করেন, তামাক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ পর্যাপ্ত নয়। বিশেষ করে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ না করা এবং দিবসটির যথাযথ গুরুত্ব না দেওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, তামাকের বিরুদ্ধে কার্যকর লড়াই গড়ে তুলতে হলে একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও তামাক—এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য স্বচ্ছতা, সুশাসন ও নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দাবি জানান তারা।
বক্তারা বলেন, তামাক শুধু ব্যক্তির স্বাস্থ্য নয়, জাতীয় অর্থনীতি ও পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। একটি সুস্থ, তামাকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন এবং “তামাকমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
